
নিজস্ব প্রতিবেদক:: এনটিভি ইউরোপের সফল প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনা হোসাইন বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। সফরকালে তিনি নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগ দিচ্ছেন। বিশ্বের ১৩৭টি দেশের সরকারি প্রতিনিধি, খ্যাতনামা ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বাণিজ্য মেলায় অংশ নিচ্ছেন।
আগামী ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে মেলায় যোগ দেবেন। এবারের আয়োজনটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত Marriot Marquis, 1535 Broadway, Times Square, NY 10036 ভেন্যুতে।
বিশ্ববিখ্যাত এই বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এতে বিভিন্ন দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতি-নির্ধারকরা মিলিত হবেন।
সাবরিনা হোসাইনের উপস্থিতি শুধু এনটিভি ইউরোপ নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের জন্যও এক গৌরবের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে এনটিভি ইউরোপ ইতালি প্রতিনিধি লিটন চৌধুরী এক বার্তায় সাবরিনা হোসাইনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এ সফর বাংলাদেশের বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে।