• ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাগুলে প্রতিবন্ধী সানী কবিরাজের মরদেহ উদ্ধার

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
কালাগুলে প্রতিবন্ধী সানী কবিরাজের মরদেহ উদ্ধার

সিকারি ডেস্ক:: সিলেটের সাহেবের বাজার এলাকার কালাগুল মাখরখলা বাগানের পাশে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার স্থানীয় লোকজন বাগানের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

পরে মরদেহের সঙ্গে থাকা একটি ভিজিটিং কার্ড থেকে জানা যায়, নিহত ব্যক্তি একজন কবিরাজ। কার্ডে তার নাম প্রতিবন্ধী কবিরাজ সানী এবং ঠিকানা উমদারপাড়া উল্লেখ রয়েছে।

জানা যায়, নিহত সানী পরিবারসহ সিলেট সদর উপজেলার উমদারপাড়া এলাকার লোকমান মিয়ার কলোনিতে বসবাস করতেন। কবিরাজির পাশাপাশি তিনি ধূপাগোল পয়েন্টে অস্থায়ীভাবে কাপড়ের ব্যবসাও করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল ইফতারের পূর্বে তিনি সাহেবের বাজার এলাকার ঘোড়ামারা গ্রামে রোগী দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে রওয়ানা হওয়ার প্রায় ১৫ মিনিট পর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।