
সিকারি ডেস্ক:: কলম্বিয়ার পুতুমায়ো প্রদেশে ১২১ জন আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ৬৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন।সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন সেনা সদস্য, ছয়জন বিমান বাহিনীর সদস্য ও দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
বার্তা সংস্থা এপি’র খবরে জানানো হয়, ‘হারকিউলিস সি-১৩০’ মডেলের বিমানটিতে ১১০ জন সেনা ও ১১ জন ক্রু সদস্য ছিলেন।পুয়ের্তো লেগুইজামো বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র দুই কিলোমিটারের মধ্যে বিমানটি বিকল হয়ে একটি মাঠে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজেদের উদ্যোগে উদ্ধারকাজ শুরু করেন।পৌরসভার ডেপুটি মেয়র কার্লোস ক্লারোস জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বড় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
দেশটির বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা বলেন, আহতদের সরিয়ে নিতে বিশেষ সুবিধাসম্পন্ন দুটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, বিধ্বস্ত বিমানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কলম্বিয়াকে উপহার দেওয়া হয়েছিল। চার ইঞ্জিনবিশিষ্ট এই বিমানটি উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই কেন বিধ্বস্ত হলো, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।