• ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

সিকারি ডেস্ক:: আগামী ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে।

এদিন দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।

কৃষকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখ এখন সামাজিক অনুষ্ঠানে রূপ নিলেও এটি মূলত কৃষকদের সঙ্গে সম্পর্কিত। সেজন্য আজ এই কৃষক কার্ডের উদ্বোধন করেছি।’

তিনি বলেন, ‘আজকের এই প্রি পাইলটি প্রজেক্টের মাধ্যমে ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকদের হাতে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে।’

নির্বাচনের আগে প্রতিশ্রুতির মধ্যে এটি অন্যতম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষি ঋণ ১০ হাজার পর্যন্ত মওকুফ করেছি প্রথম সপ্তাহে। ১২ লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দেশের কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। বর্তমান সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলা।’

এ সময় কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘কৃষকরা যেন আরও দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বসেছি। বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী।’

‘বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, চেষ্টা করেছে কৃষকদের পাশে দাঁড়ানোর। আপনাদের এই আস্থার মূল্য দেবে বিএনপি সরকার’, যোগ করেন তারেক রহমান।সবাইকে দেশ গঠনের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন দেশ পুনর্গঠনের সময়। এই সরকার জনগণের সরকার। লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, দেশের উন্নয়ন। সবাই নিজের দেশকে ভালো দেখতে চায়। আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।’