• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগের সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান আইনজীবী আয়েশা ছিদ্দিকা

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
সিলেট বিভাগের সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান আইনজীবী আয়েশা ছিদ্দিকা

নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগের সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য (এমপি) হতে আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট আইনজীবী ও নোটারি পাবলিক মোছাম্মৎ আয়েশা ছিদ্দিকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষ্যেই তিনি এই আগ্রহের কথা জানান।
আয়েশা ছিদ্দিকা দীর্ঘদিন ধরে ঢাকা ও সিলেটের আইন অঙ্গনে সুপরিচিত। তিনি ১৯৯৭ সালে বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন এবং ১৯৯৮ সালে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে আইন পেশা শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর আইনজীবী সমিতি ও ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সদস্য হন। বর্তমানে তিনি সিলেট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা মহানগর আইনজীবী সমিতির আজীবন সদস্য।
২০১৩ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এছাড়া অগ্রণী ব্যাংক ও পূবালী ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তার পথচলা শুরু হয় ১৯৭৯ সালে শিশু সংগঠন ‘শাপলা কুঁড়ি’র মাধ্যমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে। ১৯৮৬ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
তিনি দাবি করেন, বিগত সরকারের সময় অন্যায়ের প্রতিবাদ করায় ২০২১ সালে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয় এবং তিনি ছয় মাস কারাবরণ করেন। এরপরও তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচি ও আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের প্রার্থীদের পক্ষে প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আইন পেশার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তার সম্পৃক্ততা রয়েছে। ১৯৮৭-৯৯ সালে তিনি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নিয়মিত আবৃত্তিকার ও উপস্থাপক ছিলেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। এছাড়া সিলেট রাইফেলস ক্লাবের হয়ে জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। নারীর ক্ষমতায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দুবাই ও মালয়েশিয়াও সফর করেছেন এবং বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।
আয়েশা ছিদ্দিকা বলেন, “আমি আজীবন জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে সুযোগ দেয়, তবে সিলেট বিভাগের নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ গঠনে কাজ করতে চাই।”