
সিকারিডেস্ক::সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৪ লক্ষাধিক টাকা মূল্যের চোরাই ভারতীয় রসুন ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর বিশেষ আভিযানিক দল সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ১৯ বিজিবির অধীনস্থ সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) দুটি চৌকস টহল দল নিজ নিজ সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও মালিকবিহীন অবস্থায় ফেলে যাওয়া ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় রসুন ও গরু জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ভারতীয় মালামাল ও গবাদিপশু আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা নজরদারিসহ এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।