
সিকারি ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হেলাল আহমদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হেলাল আহমদসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হেলাল আহমদ উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের পঙ্কী মিয়ার ছেলে এবং সালুটিকর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সন্ত্রাসী চক্র অতর্কিতভাবে হামলা চালালে হেলাল আহমদসহ তিনজন গুরুতর আহত হন। ঘটনার পর আঙ্গারজুর গ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হেলাল আহমদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “সালুটিকর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হেলাল আহমদসহ তিনজনের ওপর হামলার খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”