
সিকারি ডেস্ক:: সিলেটের বালাগঞ্জে জমি বিক্রির বকেয়া টাকা চাইতে গিয়ে ভাতিজা ও তাঁর পরিবারের সদস্যদের হামলায় মির্জা আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবুল হোসেন ও তাঁর এক ভাইয়ের যৌথ মালিকানাধীন কিছু জমি তাঁদের আরেক ভাই প্রয়াত মির্জা ফরিদ হোসেনের ছেলে মির্জা টিটুর কাছে বিক্রি করা হয়েছিল। টিটু জমির দখল বুঝে নিয়ে আংশিক মূল্য পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে বাকি টাকা পরিশোধ করছিলেন না। রোববার বকেয়া টাকা পরিশোধের নির্ধারিত দিন ছিল।
নিহতের ছেলে মির্জা জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, দিনভর অপেক্ষার পর রাতে পাওনা টাকা চাইতে গেলে মির্জা টিটু, তাঁর বোন মির্জা জেনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে টিটু ধারালো ছুরি দিয়ে চাচা আবুল হোসেনকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আবুল হোসেনকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর ছেলেসহ নিকটাত্মীয় আরও তিনজন হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে বালাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।