
সিকারি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। অধিবেশন চলাকালে বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হলে একপর্যায়ে প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধী দলীয় এমপিরা।
বৃহস্পতিবার সংসদ অধিবেশন চলাকালে কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এ সময় বিরোধী দলের সদস্যরা তাদের বক্তব্য রাখতে গিয়ে প্রতিবাদ জানান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা সম্মিলিতভাবে ওয়াকআউট করেন।
সংসদ ভবন থেকে বের হওয়ার কিছুক্ষণ পর বিকেল প্রায় ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি ইংরেজিতে মাত্র তিনটি শব্দ লিখেন— “Get out Chuppu.”

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অল্প সময়ের মধ্যেই এটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, স্ট্যাটাসে ব্যবহৃত “Chuppu” শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ইঙ্গিত করা হয়েছে, যিনি রাজনৈতিক অঙ্গনে ‘চুপ্পু’ নামে পরিচিত। তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
তিন শব্দের এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।