
নিজস্ব প্রতিবেদক:: সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের বুড়িবস্তি এলাকায় বাস ও ইলেক্ট্রিক অটোরিকশার সংঘর্ষে ৯ মাসের শিশুকন্যাসহ তাঁর মা নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার বুড়িবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের বিমানবন্দর থানাধীন লালবাগ এলাকার বাসিন্দা ছামীর স্ত্রী সুমাইয়া সিদ্দিকা তানিয়া এবং তাঁদের ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত।
পুলিশ জানায়, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দরের রানওয়েসংলগ্ন এলাকায় সাদাপাথর পরিবহনের (সিলেট-জ ১১-০৫৮৯) একটি বাস বিপরীত দিক থেকে আসা ইলেক্ট্রিক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হন।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, নিহত মা-মেয়ের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।