
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সৃষ্ট জ্বালানি তেলের সরবরাহ সংকট ও রেশনিং প্রথা প্রত্যাহার করা হয়েছে। শনিবার দিনভর দ্রুত ও নাটকীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হয়।বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সরাসরি হস্তক্ষেপে দীর্ঘদিনের এই সংকটের অবসান ঘটে।
শনিবার সকালে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি, সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এসময় তারা সিলেটে জ্বালানি সরবরাহে বিপিসি সৃষ্ট জটিলতা এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন।
প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগসহকারে শোনার পর মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। তিনি সংশ্লিষ্ট তিনটি জ্বালানি বিপণন কোম্পানির প্রতিনিধিদের তলব করেন। তাদের উপস্থিতিতেই তিনি জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলে সিলেটের জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে, শনিবারের মধ্যেই সমস্যার সমাধান করা হবে। তার সেই আশ্বাস অনুযায়ী দিন শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রথা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। এর ফলে এখন থেকে সিলেটে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।
দ্রুত ও কার্যকর এই উদ্যোগের জন্য সিলেটবাসীর পক্ষ থেকে মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। পেট্রোল পাম্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম বলেন, “মন্ত্রী আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন। কথা কম, কাজ বেশি—রাজনীতি এমনই হওয়া উচিত।”
সিলেটের সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মন্ত্রীর এই হস্তক্ষেপে সিলেটের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় সম্ভাব্য স্থবিরতা এড়ানো সম্ভব হয়েছে।