
সিকারি ডেস্ক:: কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদকে বহনকারী একটি মাইক্রোবাস ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এমপি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
আহতরা হলেন—মাইক্রোবাসের চালক আবুল কালাম আজাদ (৪০) এবং এমপির সহযাত্রী ইকরাম হোসেন (২৫)। তাদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন জানান, দুর্ঘটনায় এমপি আতিক মুজাহিদ সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে নিজ বাসায় আছেন। তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। ইফতারের পর তিনি হাসপাতালে চিকিৎসা নেবেন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এমপিকে বহনকারী ভাড়ায় চালিত মাইক্রোবাসটি কাউনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়।
তাদের দাবি, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি সড়ক আইন অমান্য করে অতিরিক্ত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি এমপির গাড়ির পেছনে সজোরে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, “অনিরাপদ সড়ক ও বেপরোয়া যান চলাচলের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে।” তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে এমপির সুস্থতা কামনা করেন।
এ বিষয়ে ওসি জাহাঙ্গীর আলম বলেন, “আহত দুইজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। এমপি মহোদয় বর্তমানে নিজ বাসায় সুস্থ আছেন।”