• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কেউ অ*পকর্ম করলে ব্যবস্থা নেবে সিলেট জেলা ও মহানগর যুবদল

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
কেউ অ*পকর্ম করলে ব্যবস্থা নেবে সিলেট জেলা ও মহানগর যুবদল

সিকারি ডেস্ক:: সাম্প্রতিক সময়ে যুবদলের নাম ব্যবহার করে কিছু অনাকাঙ্ক্ষিত এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের নজরে এসেছে। সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং অপতৎপরতা রোধে এক যৌথ বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আমরা আপসহীন। দলের নাম ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। শহীদ জিয়ার আদর্শের এই সংগঠন কোনো অপশক্তির অপকর্মের ঢাল হতে পারে না।”

বিবৃতিতে উল্লেখ করা হয় যে, সিলেট জেলা, মহানগর, উপজেলা, পৌর বা ওয়ার্ড পর্যায়ের বর্তমান কমিটিতে পদপ্রাপ্ত কিংবা কোনো পদে নেই—এমনকি প্রাথমিক সদস্যও নন—এমন কিছু ব্যক্তি নিজেদেরকে সংগঠনের দায়িত্বশীল পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। এহেন অপকর্ম জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সংগঠনের দীর্ঘদিনের গৌরবময় ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

এমতাবস্থায় সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে নিম্নোক্ত নির্দেশনা ও সতর্কতা জারি করা হলো:

১) পরিচয় ব্যবহারে নিষেধাজ্ঞা: সংগঠনের নাম ও পদবি ব্যবহার করে কোনো প্রকার অননুমোদিত কার্যক্রম পরিচালনা করা থেকে সকলকে বিরত থাকার কঠোর নির্দেশ প্রদান করা হচ্ছে।

২) ব্যক্তিগত দায়ভার: সংগঠনের নাম-পদবি ব্যবহার করে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা কোনো অনৈতিক কাজে লিপ্ত হন, তবে তার কোনো দায়ভার সিলেট জেলা ও মহানগর যুবদল বহন করবে না। সংশ্লিষ্ট ব্যক্তি তার কৃতকর্মের জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

৩) সাংগঠনিক ও আইনি ব্যবস্থা: পরিচয় জালিয়াতি করে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেতৃবৃন্দ সাধারণ জনগণকে এই ধরণের স্বার্থান্বেষী ও বিভ্রান্তিকর পরিচয় প্রদানকারী ব্যক্তিদের থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। কোনো প্রকার সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।