• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬
জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে   ৪৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিকারি ডেস্ক:: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ জিরাসহ ৪৬ লাখ ১০ হাজার ৬০০ টাকার অধিক অবৈধ পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ১ হাজার ৪৬০ কেজি এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। যার সিজার মূল্য ৪০ লাখ ৫২ হাজার টাকা।

এছাড়া আগের দিন ১০ এপ্রিল পৃথক অভিযানে সুরাইঘাট, লালাখাল, জৈন্তাপুর ও আটগ্রাম বিওপির টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ৫টি, চিনি ৩০০ কেজি, জিরা ৫০ কেজি এবং চা পাতা ৩৪ কেজি জব্দ করে। এসব মালামালের মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা।

দুই দিনের অভিযানে সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য দাঁড়িয়েছে ৪৬ লাখ ১০ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।