সিলেটে পাওনা টাকা চাওয়ায় চাচাকে খুন, চট্টগ্রামে নারীসহ গ্রেফতার ৩

sylhetcrimereport
প্রকাশিত November 2, 2026
সিলেটে পাওনা টাকা চাওয়ায় চাচাকে খুন, চট্টগ্রামে নারীসহ গ্রেফতার ৩

সিকারি ডেস্ক:: বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ার জেরে চাচার ওপর হামলা চালিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-৯ (সিলেট) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর একটি যৌথ দল চট্টগ্রামের বন্দর থানাধীন ব্রিকফিল্ড রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-বালাগঞ্জ উপজেলার পূর্ব মুসলিমাবাদ এলাকার মৃত মির্জা ফরিদের ছেলে মির্জা টিটু (৩৫), মির্জা জেনি (৩৮) এবং মির্জা টিটুর স্ত্রী সালমা বেগম (২৫)।

এসআরবি জানায়, গত ২৫ অক্টোবর বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ার কেন্দ্র করে মির্জা আব্দুল লতিফ আবুল (৬৫)-এর ওপর হামলা চালায় অভিযুক্তরা। ওই দিন রাত সাড়ে আটটার দিকে লতিফ ও তাঁর পরিবারের সদস্যরা পাওনা টাকা ফেরত চাইলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তির সহায়তায় ও যৌথ অভিযানের মাধ্যমে চট্টগ্রামের বন্দর এলাকা থেকে মূল আসামিদের গ্রেফতার করা হয়।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।