
সিকারি ডেস্ক:: সিলেটে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণিরর এক ছাত্রীকে (১৫) অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মাহদী হাসান মুন্না (২০)। তিনি মোগলাবাজার থানাধীন পূর্ব শ্রীরামপুর এলাকার মৃত শাহীন আহমদ মোসাহিদের ছেলে। মঙ্গলবার (২১ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, ওই ছাত্রীকে অপহরণ করে সিলেট থেকে গাজীপুরে নিয়ে যান অভিযুক্ত যুবক। পরে মোগলাবাজার থানার পুলিশ প্রযুক্তির সহায়তায় স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরণের দায়ে যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় মোগলাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোমবার মামলা দায়ের করেন স্কুলছাত্রীর অভিভাবক।
পুলিশ জানায়, নবম শ্রেণির ওই ছাত্রী গত ৬ এপ্রিল সন্ধ্যায় নিজ বাসা হতে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবার মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় সোমবার (২০ এপ্রিল) সকালে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে অভিযুক্ত মাহদী হাসান মুন্নাকে গ্রেপ্তার করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।
মঙ্গলবার এসব এসব তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার মনজুরুল আলম।