
সিকারি ডেস্ক:: সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বিভাগের ২২৫টি কেন্দ্রে ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর না মিললেও ঘন ঘন লোডশেডিংয়ে বিড়ম্ভনায় পড়তে হচ্ছে অভিভাবকদের। আর বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পরীক্ষার্থীদের মধ্যে।
তাদের মতে, ভ্যাপসা গরমের মধ্যে তীব্র লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি হয়েছে, যা ফলাফলে প্রভাব ফেলতে পারে। এবার সিলেট বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৯ হাজার ৪২১ জন। ২০১৭ সালের পর প্রথমবার এই সংখ্যা ৯০ হাজারের নিচে নেমেছে, যা দীর্ঘ সময়ের মধ্যে সর্বনিম্ন। জেলা ভিত্তিতে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী রয়েছে।
এছাড়া মৌলভীবাজারে ১৯ হাজার ৯১৩ জন, সুনামগঞ্জে ১৮ হাজার ৩৮৩ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ২০ মে পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। নকল প্রতিরোধে ১০টি বিশেষ ভিজিল্যান্স টিমসহ মোট ৪৪টি টিম মাঠে কাজ করছে।
কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। এছাড়া পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বোর্ডের কন্ট্রোল রুম খোলা থাকবে।