• ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চাকরির প্রলোভনে ভারতে মানবপাচারের চেষ্টা: গোয়াইনঘাটের ২ দালাল গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬
চাকরির প্রলোভনে ভারতে মানবপাচারের চেষ্টা: গোয়াইনঘাটের ২ দালাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::  সিলেটে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে মানবপাচারের চেষ্টাকারী একটি সংগঠিত দালাল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। আজ রোববার দুপুরে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন পূর্ব কাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার আমস্বপ্ন গ্রামের ইসমাইল আলীর ছেলে শাকিল (২২) ও ফয়সাল (২২)।

র‍্যাব জানায়, নড়াইল জেলার শ্রীফলতলা এলাকার বাসিন্দা জোছনা খানম (৫৩) তার অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ ও সংসারের অভাব মেটাতে কাজের সন্ধান করছিলেন। এই সুযোগে দালাল চক্রের সদস্যরা তাকে এবং নাহিদা খাতুন নামের অন্য এক নারীকে উচ্চ বেতনে ভারতে চাকরির প্রলোভন দেখায়। পাচারকারীরা দাবি করে যে, তারা ইতিপূর্বে শত শত মানুষকে একইভাবে ভারতে পাঠিয়েছে।
গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ওই নারীদের জাফলং জিরো পয়েন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং একপর্যায়ে গোয়াইনঘাট থানার নলজুরী সীমান্তবর্তী এলাকা দিয়ে জোরপূর্বক ভারতে পার করার চেষ্টা করা হয়। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ভিকটিমদের উদ্ধার করে এবং অভিযুক্ত এক দালালকে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় ভিকটিম জোছনা খানম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২০)। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে এবং আজ মামলার এজাহারভুক্ত ৫ ও ৭ নম্বর পলাতক আসামি শাকিল ও ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।