• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানীনগরে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ আ ট ক ১ থানায় মা ম লা

sylhetcrimereport
প্রকাশিত মে ৬, ২০২৬
ওসমানীনগরে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ আ ট ক ১ থানায় মা ম লা

সিকারি ডেস্ক:: সিলেটের ওসমানীনগর উপজেলায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে প্রায় এক কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আরো ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওসমানীনগর থানার এসআই (নিঃ) আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গত ৫ মে বিকেলে গোয়ালাবাজার এলাকায় ডে-ডিউটি ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার কয়েকটি বসত বাড়িতে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় জিরা মজুদ রাখা হয়েছে।

সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) ও থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করা হলে তাদের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আবুল কালাম আজাদ (৪৪) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। তিনি উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।

পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত কাচারী ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মোট ৬০৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বস্তায় K.S. GOLD Jeera, K.S & Company, Spices Merchant & Commission Agent সহ বিভিন্ন ইংরেজি লেখা পাওয়া যায়।

পুলিশ জানায়, জব্দকৃত জিরার মোট ওজন প্রায় ১৮ হাজার ৯০ কেজি। প্রতি কেজি ৬২০ টাকা হিসেবে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। আটক আসামির কাছে মালামালের বৈধ কাগজপত্র চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় আটক আবুল কালাম আজাদসহ তার ভাই আব্দুল মুমিন এবং আরো ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে The Special Power Act, 1974 এর 25-B (1)(b)/25-D ধারায় ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধ পথে শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন পণ্য দেশে এনে মজুদ ও পাচার করে আসছিল।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূইয়া জানান, “চোরাচালান ও অবৈধ মজুদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।