চিকনাগুলে ৭ দিনের অস্থায়ী পশুর হাট এক বছরেও বন্ধ হয়নি, উল্টো বাড়ছে সম্প্রসারণ

sylhetcrimereport
প্রকাশিত May 8, 2026
চিকনাগুলে ৭ দিনের অস্থায়ী পশুর হাট এক বছরেও বন্ধ হয়নি, উল্টো বাড়ছে সম্প্রসারণ

সিকারি ডেস্ক:: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ভেতরে একটি অস্থায়ী বাজার গত বছরের পবিত্র ঈদুল আজহা (কুরবানি) উপলক্ষে মাত্র ৭ দিনের জন্য ইজারা প্রদান করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও বাজারটি বন্ধ না হয়ে এখনো পর্যন্ত চালু রয়েছে। এমনকি সম্প্রতি বাজারটি আরও সম্প্রসারণের অভিযোগ উঠেছেগ

স্থানীয় সূত্রে জানা যায়, কুরবানির পশু কেনাবেচার সুবিধার্থে সাময়িকভাবে বাজার বসানোর অনুমতি দেওয়া হলেও, ৭ দিনের মেয়াদ শেষ হওয়ার পরও তা কার্যকরভাবে বন্ধ করা হয়নি। বরং ধীরে ধীরে এটি স্থায়ী রূপ নিচ্ছে বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর অভিযোগ, বাজারটি অব্যাহতভাবে পরিচালিত হওয়ায় আশপাশের পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। সড়কে যানজট, অব্যবস্থাপনা এবং অপরিকল্পিতভাবে দোকান বসানোর কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব রয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, বাজারটির ইজারা এবং বর্তমান কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অস্থায়ী অনুমতিতে শুরু হওয়া একটি বাজার দীর্ঘদিন ধরে অব্যাহত থাকা এবং নতুন করে সম্প্রসারণের বিষয়টি স্থানীয় প্রশাসনের জন্য প্রশ্নের জন্ম দিয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।