• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ইজারাদারদের সংবাদ সম্মেলন : ঝুঁকি এড়াতে সাদা পাথরের বিকল্প রাস্তা বন্ধ

sylhetcrimereport
প্রকাশিত জুন ৪, ২০২৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ইজারাদারদের সংবাদ সম্মেলন : ঝুঁকি এড়াতে সাদা পাথরের বিকল্প রাস্তা বন্ধ

সিকারি ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী ভোলাগঞ্জ ‘সাদা পাথর’ পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেই কালাইরাগের ঝুঁকিপূর্ণ বিকল্প পথটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ঘাট ইজারাদার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ জুন) সাদা পাথর রিসোর্টে ইজারাদারদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়, ইজারার শর্ত মেনে এবং উপজেলা প্রশাসনের নির্দেশনা ও অবগতির মাধ্যমেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে এই বিষয়ে ছড়ানো বিভ্রান্তিকর অপতথ্যের অবসান ঘটাতে এক সংবাদ সম্মেলনে এই ব্যাখ্যা দেন তারা।

লিখিত বক্তব্যে ইজারাদার মো. লিলু মিয়ার পক্ষে জানানো হয়, সরকারের যথাযথ নিয়ম মেনে ১৪৩৩ বাংলা সনের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট থেকে সাদা পাথর পর্যটন ঘাট ও পার্কিং এলাকা তারা ইজারা নিয়েছেন। এরপর থেকে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় ঘাটটি পরিচালিত হয়ে আসছে, যার সার্বিক কার্যক্রম সম্পর্কে উপজেলা প্রশাসন সম্পূর্ণ অবগত।

ইজারাদার কর্তৃপক্ষ জানান, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, প্রতিদিন কিছুসংখ্যক পর্যটক কালাইরাগ হয়ে ভারত সীমান্তপথ ঘেঁষে সাদা পাথর পর্যটন স্পটে প্রবেশ করছেন। এভাবে সীমান্ত এলাকা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যেকোনো সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে প্রাণহানির ঝুঁকি এবং মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে কালাইরাগের ওই পথটি আমরা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছি। সাদা পাথর পর্যটন ঘাট ও পার্কিং এলাকার ইজারাগ্রহীতা হিসেবে এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সেখানে সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে বলা হয়, ঘাটের এই সুষ্ঠু ও নিরাপদ ব্যবস্থাপনাকে বিতর্কিত করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মিডিয়ায় বিভ্রান্তিকর অপতথ্য ছড়াচ্ছে। এর ফলে সাধারণ পর্যটক ও জনসাধারণের মধ্যে এক ধরনের নেতিবাচক বার্তা যাচ্ছে। এমন অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে ইজারাদার কর্তৃপক্ষ সম্মানিত পর্যটকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, জীবনের নিরাপত্তার স্বার্থে কেউ যেন কোনো বিকল্প বা ঝুঁকিপূর্ণ পথে যাওয়ার চেষ্টা না করেন। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য নির্ধারিত ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করে সাদা পাথর পর্যটন স্পটে প্রবেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।