
সিকারি ডেস্ক:: মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।
আজ সোমবার সকালে ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছে। এরই জেরে আজ সোমবার ভোর ৬টা থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ১৪ জন আহত হন। ১৩টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, ঝিকরহাটি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, ‘সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’