• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

sylhetcrimereport
প্রকাশিত জুন ১৭, ২০২৬
ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

সিকারি ডেস্ক:: সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি ও প্রতারণা করার অভিযোগে দালাল চক্রের চারজন সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৯ এবং সিলেট জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিভিন্ন ধরনের অপরাধ ও অপরাধীদের দমনে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিশেষ করে দেশের ডেঙ্গু, ম্যালেরিয়া এবং সাধারণ রোগীদের চিকিৎসার নামে একশ্রেণীর অসাধু চক্র যে প্রতারণা ও দালালি চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে র্যাবের এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ।
​সম্প্রতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশ এলাকায় দালাল চক্রের উৎপাত ও সাধারণ মানুষকে হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে র‌্যাব-৯ এবং জেলা প্রশাসন, সিলেট এর একটি যৌথ টাস্কফোর্স দল মঙ্গলবার,, (১৬ জুন) রাত ১০ ঘটিকায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
​অভিযান চলাকালীন সময়ে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করার অপরাধে হাতেনাতে চারজন দালালকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন অমান্য ও প্রতারণার দায়ে আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- তানভীর আহমেদ ইমন (৩০): পিতা- শাহজাহান আহমেদ, সাং- শাহী ঈদগাহ, থানা- কোতোয়ালী, এসএমপি, সিলেট। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাহেদ আহমেদ (৩৪): পিতা- আবু মিয়া, সাং- মংলী পশ্চিম পাড়া, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অরুন মিয়া (৫৬): পিতা- মৃত পচা মিয়া, সাং- রোশনপুর, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সুমন আহমেদ (২৮): পিতা- মৃত জলিল আহমেদ, সাং- কালিশাইল, থানা- কোতোয়ালী, এসএমপি, সিলেট। তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শাইখ আকতার হোসেন জানান, চিকিৎসা ক্ষেত্রে যেকোনো ধরণের অনিয়ম ও সাধারণ মানুষের হয়রানি বন্ধে র্যাবের এই কঠোর অবস্থান বজায় থাকবে। অবর্তমানে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান টহল জোরদার এবং এই ধরণের অনিয়ম বিরোধী অভিযানিক ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।