• ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৬৪ লাখ টাকার চো’রাই পণ্য জ’ব্দ

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৮, ২০২৬
সিলেটে ৬৪ লাখ টাকার চো’রাই পণ্য জ’ব্দ

সিকারি ডেস্ক:: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় মহিষ, টমেটো, ফেন্সিডিল, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, বিভিন্ন ধরনের ফল ও মিনিপ্যাক শ্যাম্পুসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন ও সুপারিও জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বালু ও পাথর বহনকারী একটি বারকী নৌকাও জব্দ করা হয়েছে। অভিযানে ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা চোরাই পণ্যের আনুমানিক সিজারমূল্য ৬৪ লাখ ৪৬ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।