• ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাপগঞ্জে প্রবাসীর কোটি টাকা জমি জবরদখলের চেষ্টা, দুর্বৃত্তরা অধরা?

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ১১, ২০২৬
গোলাপগঞ্জে প্রবাসীর কোটি টাকা জমি জবরদখলের চেষ্টা, দুর্বৃত্তরা অধরা?

সিকারি ডেস্ক:: গোলাপগঞ্জে লন্ডন প্রবাসীর কোটি টাকার জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টার সঙ্গে জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। যদিও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। শিগগিরই সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও অভিযুক্তদের কেউ ধরা না পড়ায়
উদ্বিগ্ন প্রবাসী পরিবার।

বুধবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি গ্রামে লন্ডন প্রবাসী জাভেদ আহমেদে কোটি টাকার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় বহিরাগত একদল দুর্ধর্ষ ও সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় এলাকার সাধারণ মানুষের তীব্র প্রতিরোধের মুখে পড়ে নিজেদের ব্যবহৃত একটি মাইক্রোবাস (নোয়াহ) এবং বিপুল পরিমাণ অস্ত্র ঘটনাস্থলেই ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ফেলে যাওয়া গাড়ি ও দেশীয় অস্ত্র জব্দ করে।

এই ঘটনায় ভুক্তভোগী মাহতাব উদ্দিন (৭৪) থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী জাভেদ আহমেদের বৃদ্ধ মা-বাবা ওই বাড়িতে বসবাস করেন। সম্প্রতি তিনি দেশ থেকে পুনরায় প্রবাসে যাওয়ার সুযোগে এলাকার প্রভাবশালী খন্দকার রায়হান উদ্দিন গংরা ভাড়াটিয়া বহিরাগত সন্ত্রাসী এনে এই ঘটনা ঘটায়। দীর্ঘদিন ধরেই তারা উক্ত প্রবাসীর মূল্যবান জায়গাটি গ্রাস করার জন্য নানামুখী ষড়যন্ত্র ও পাঁয়তারা চালিয়ে আসছিল। এই নিয়ে আদালতে মামলা চলমান এবং জায়গার ওপর ১৪৪ ধারা জারি রয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খন্দকার রায়হান উদ্দিনের নির্দেশে ফখরুল ইসলামসহ ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন।

উপস্থিত এলাকাবাসী জানান, আদালতের নিষেধাজ্ঞা ও আইনের কোনো তোয়াক্কা না করে পেশিশক্তির জোরে প্রবাসীর জায়গাটি দখল করে নেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে বহিরাগত ও পেশাদার অপরাধীদের নিয়ে আসা হয়েছিল। কিন্তু প্রবাসীর জায়গা দখলে বহিরাগতরা হানা দিয়েছে- এমন খবর মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। চারিদিক থেকে শত শত লোকজন জড়ো হন। সাধারণ মানুষের আকস্মিক উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত গাড়ি ও অস্ত্র ফেলে রেখেই দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তল্লাশি চালিয়ে অপরাধীদের ফেলে যাওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৮৫৯৬) এবং জায়গা দখলের উদ্দেশ্যে আনা অস্ত্রগুলো জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ ঘটনার খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি গাড়ি ও দেশীয় অস্ত্র জব্দ করেছে। প্রবাসীর জায়গা দখল বা কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।