
সিকারি ডেস্ক: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬) গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৮ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকার কোয়ার্টার থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় জেলিনের সহকর্মী ধনঞ্জয় কুন্ডু ৯ আগস্ট সিলেট বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী সোমবার জানান, ছুটি শেষে বাড়ি থেকে ফিরে জেলিন আর কর্মস্থলে যোগ দেননি। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক কোয়ার্টারেই তার সর্বশেষ অবস্থান শনাক্ত করা গেছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
জানা গেছে, জেলিনের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি বাড়িতেও ফেরেননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ তার সন্ধান পেলে ০১৭৩৬-৭৪২৭২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।