মিথ্যা অভিযোগে বিপাকে গোয়াইনঘাটের প্রধান শিক্ষক, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

sylhetcrimereport
প্রকাশিত July 16, 2026
মিথ্যা অভিযোগে বিপাকে গোয়াইনঘাটের প্রধান শিক্ষক, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

সিকারি ডেস্ক: ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিল করে বিপাকে পড়েছেন সিলেটের গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালিকুর রহমান। তদন্তে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
গত ৫ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত ও শৃঙ্খলা শাখার উপপরিচালক মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে (স্মারক নং-৩৮.০১.০০০০.৩০০.২৭.০৭৪.২০১৮.১৯৭) সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক সালিকুর রহমান গোয়াইনঘাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশফাকুল আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করলেও তদন্তে তিনি অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি।
তদন্ত চলাকালে সাক্ষ্য দিতে আসা অন্যান্য শিক্ষকও প্রধান শিক্ষকের অভিযোগের সঙ্গে একমত হননি। বরং তারা তদন্ত কর্মকর্তাকে জানান, ভিত্তিহীন অভিযোগের কারণে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। তদন্তে প্রধান শিক্ষকের বক্তব্যের পক্ষে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, বাস্তবভিত্তিক কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ব্যক্তিগত আক্রোশ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগটি দায়ের করা হয়েছিল।
এ অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিলের দায়ে প্রধান শিক্ষক সালিকুর রহমানের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অবহিত করার জন্য সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চিঠিটির অনুলিপি অধিদপ্তরের মহাপরিচালকের অবগতির জন্য পাঠানো হয়েছে।