বালু লুটের বিরুদ্ধে অভিযান,২৭ ড্রেজার ধ্বংস, ১০জনকে অর্থদণ্ড

sylhetcrimereport
প্রকাশিত September 11, 2026
বালু লুটের বিরুদ্ধে অভিযান,২৭ ড্রেজার ধ্বংস, ১০জনকে অর্থদণ্ড

সিকারি ডেস্ক:: গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার অভিযানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়।তাদের মধ্যে ১০ জনকে ৫ লাখ টাকা জরিমানা এবং একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন ঘটনাস্থলেই পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী ও পরিবেশের পাশাপাশি সরকারি সম্পদের ক্ষতি হচ্ছিল।

এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে ২৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ১০ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্য ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছেএ ছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ও ভেঙে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। ধ্বংস করা ড্রেজারগুলোর মধ্যে বোমা মেশিন ও লোকাল ড্রেজার ছিল।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহর নেতৃত্বে পুলিশের বিপুলসংখ্যক সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ, নদী ও সরকারি সম্পদের ক্ষতি যারা করছে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।