
সিকারি ডেস্ক:: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঢুকে এক গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে হাত-পা বেঁধে মারধর করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় ৪/৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২২ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত আব্দুল হান্নানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তান ছিলেন। ডাকাতরা তাঁদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রাতেই জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।শনিবার সকালে পুলিশের একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।ই-পেপার সাবস্ক্রাইব করুন