সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনাসারের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত

sylhetcrimereport
প্রকাশিত September 26, 2026
সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনাসারের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত

সিকারি ডেস্ক:: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে আহত হয়েছেন এক পরিচ্ছন্নতাকর্মী। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমেদ। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঘটনার সময় রানওয়েতে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মোজাম্মেল। তিনি একটি গাড়িতে করে রানওয়েতে টহল দিচ্ছিলেন। এ সময় রানওয়ের আশপাশে পাখি দেখতে পেয়ে সেগুলো তাড়াতে শর্টগান দিয়ে গুলি ছোড়েন তিনি।
এ সময় গুলিটি গিয়ে কাছাকাছি থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমেদের কোমরে লাগে। এতে তিনি আহত হন।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, রানওয়েতে পাখি তাড়ানোর সময় গুলি ছোড়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। নিয়ম অনুযায়ী, গুলি ছোড়ার আগে গাড়ি থেকে নেমে গুলি করার কথা। তবে ওই আনসার সদস্য গাড়িতে বসেই গুলি ছোড়েন বলে দাবি করেন প্রত্যক্ষদর্শী।
এ বিষয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, “ঘটনাটি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত ঘটেছে। আহত ব্যক্তির অবস্থা গুরুতর নয়। গুলি ছোড়ার ক্ষেত্রে কোনো নিয়ম ভঙ্গ বা দায়িত্বে অবহেলা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে।”
ঘটনাটি দুর্ঘটনা নাকি দায়িত্ব পালনে কোনো ধরনের নিয়মের ব্যত্যয় ঘটেছিল তা তদন্তের পরই স্পষ্ট হবে।

নিছক পাখি তাড়ানোর জন্য রানওয়েতে এমন ঘটনা হওয়ার কথা নয় বলে স্থানীয়রা জানান। তাদের ধারণা ভিন্ন কোন কারণ থাকতে পারে।