
সিকারি ডেস্ক:: হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে বাণিজ্য মেলা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে মেলা আয়োজনের সঙ্গে যুক্ত ৫ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন-হৃদয় মিয়া (১৯), মাহবুবুর রহমান (৩৪), সাজু মিয়া (২১), শরীফ আহমেদ (২২) ও এবাদুর রহমান (২৬)।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার।
অভিযানসূত্রে জানা যায়, ইতিপূর্বে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ বাণিজ্য মেলা পরিচালনা করা থেকে বিরত থাকার জন্য আয়োজকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। এমনকি নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। তা সত্ত্বেও নির্দেশনা অমান্য করে মেলা চালানোর চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ৫ জনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি মেলা প্রাঙ্গণে আয়োজকদের নির্মিত বিভিন্ন প্রবেশদ্বার (গেট) এবং স্টল ও দোকানের অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার জানান, জনস্বার্থ ও সরকারি নিয়ম রক্ষায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিকে কোনো প্রকার মেলা বা বাণিজ্য মেলা পরিচালনা না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।