বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত

sylhetcrimereport
প্রকাশিত October 28, 2026
বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত

সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার সায়পুর বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আলিফ আহমদ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সায়পুর বাজারে আলিফ আহমদের একটি টেইলার্সের দোকান রয়েছে। তাঁর পাশের দোকানের মালিক ইমাম উদ্দিনের সঙ্গে আলিফের ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধ তৈরি হয়। মঙ্গলবার বিকেলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আলিফ টাকা দিয়ে নিজের দোকানে ফিরে যাওয়ার সময় ইমাম উদ্দিন পেছন থেকে লোহার রড দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। রডের আঘাতে আলিফ মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত ইমাম উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, পাওনা সামান্য টাকা নিয়ে বিরোধের জেরে রডের আঘাতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।