ট্রাক আটকে মাছ ছিনতাই, মৌলভীবাজারে ছাত্রদলের ৩ নেতাকে অব্যাহতি

sylhetcrimereport
প্রকাশিত November 5, 2026
ট্রাক আটকে মাছ ছিনতাই, মৌলভীবাজারে ছাত্রদলের ৩ নেতাকে অব্যাহতি

সিকারি ডেস্ক:: মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের ৩ নেতাকে দল থেকে অব্যাহতি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা তাঁদের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।‎

‎বুধবার (৪ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।‎
‎অব্যাহতি পাওয়া নেতারা হলেন— কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, কুলাউড়া পৌর শাখার সদস্য সুজন আরিয়ান এবং কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান খান।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃ’তদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।
‎
‎উল্লেখ্য, গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে শৌল মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় কুলাউড়া থানায় একটি মা’ম’লা দায়ের করা হয়, যেখানে কুলাউড়ার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছিল। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে ছাত্রদল নেতাদের নাম আসায় দেশজুড়ে আলোচনা শুরু হলে জেলা ছাত্রদল এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।