সিলেটে ধারালো সুইস গিয়ার চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত November 5, 2026
সিলেটে ধারালো সুইস গিয়ার চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার

সিকারি ডেস্ক::সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকায় পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো সুইস গিয়ার চাকুসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম ফাহিদ ওরফে মো. ফাহিম আহম্মেদ (২৬)।

বুধবার সকালে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ।

গ্রেফতারকৃত ফাহিম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সৎপুর বন্নি গ্রামের মৃত কানু মিয়ার ছেলে। বর্তমানে সে সিলেটের মোগলাবাজার থানার শিববাড়ি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিল।

পুলিশ জানায়, সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রংমহল টাওয়ারের সামনে অভিযান চালায়। এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য ফাহিম ধারালো চাকু প্রদর্শন করে সাধারণ পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে লুকিয়ে রাখা ০১টি ধারালো ‘সুইস গিয়ার’ চাকু উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফাহিমের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা (মামলা নং-০৯) দায়ের করা হয়েছে। এছাড়া পুলিশের সিডিএমএস তথ্যভাণ্ডার পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে মৌলভীবাজারের বড়লেখা থানা, জুড়ী থানা এবং সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানায় পূর্বেও ৩টি মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।