
সিকারি ডেস্ক:: সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে কোয়ারি এলাকায় ভ্রাম্যমাণ টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।অভিযানকালে অবৈধ উপায়ে পাথর পরিবহনের দায়ে পাথরবোঝাই ১০টি বারকি নৌকা বিকল (অকেজো) করে দেওয়া হয়। তবে টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে পাথর উত্তোলনে জড়িত শ্রমিকরা নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, সরকারি নির্দেশনায় পরিবেশ ও জনস্বার্থে লোভাছড়া পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও থানা পুলিশ কোয়ারি থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ পাথর উত্তোলন বা পরিবহনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানকালে নির্বাহী কর্মকর্তার সঙ্গে কানাইঘাট উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্য এবং কানাইঘাট থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।