জকিগঞ্জ উদ্ধার সীমান্তে নিখোঁজ বি এস এফ সদস্য

sylhetcrimereport
প্রকাশিত November 24, 2026
জকিগঞ্জ উদ্ধার সীমান্তে নিখোঁজ বি এস এফ সদস্য

সিকারিডেস্ক:: ভারতের আসাম সীমান্তে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদ এলাকা থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে উদ্ধার করা হয়। কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উদ্ধার হওয়া বিএসএফ সদস্যের নাম কে. ভেনু (৩০)। ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ভেনু বিএসএফের ৭৫ ব্যাটালিয়নের কনস্টেবল (জিডি) হিসেবে আসামের কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম *দ্য সেন্টিনেল আসাম*-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ ও ২৩ নভেম্বরের মধ্যবর্তী রাতে আসাম সীমান্তে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হন কে. ভেনু। সে সময় তার সঙ্গে বিএসএফের হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, চার থেকে পাঁচজন সন্দেহভাজন পাচারকারীকে ধাওয়া করার একপর্যায়ে ওই দুই বিএসএফ সদস্য বরাক-সুরমা নদীতে নামেন। এ সময় পাচারকারীরা পাঁচটি মহিষ ফেলে পালিয়ে যায়। পরে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নিরাপদে তীরে ফিরে আসতে পারলেও স্রোতে ভেসে বা পথ হারিয়ে নিখোঁজ হন ভেনু।নিখোঁজ হওয়ার পর নদী ও আশপাশের এলাকায় প্রায় ২৪ ঘণ্টা তল্লাশি চালায় বিএসএফ। প্রাথমিকভাবে তার নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা করা হলেও পরবর্তীতে বাংলাদেশের ভূখণ্ডে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আজ জকিগঞ্জের আমলশীদ সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বিধি মোতাবেক দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে কে. ভেনুকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।