• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জ-ব্দ

sylhetcrimereport
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৫
সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জ-ব্দ

সংগৃহিত

সিকারি ডেস্ক::   সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযান চলাকালীন চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বাহিনীটি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক ও কালাইরাগ সীমান্ত ফাঁড়িতে বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল সিলেট নগরীর নাইওরপুল এলাকায় অভিযান চালায়। এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও পশু জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ গরু, শাড়ি, কম্বল, টি-শার্ট, ট্রাউজার, পিয়াজ, টমেটো, পান, ভারতীয় নাসির বিড়ি ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।’

অন্যদিকে, বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৫টি গরু জব্দ করে। একই দিনে কানাইঘাটের সুরাইঘাট ফাঁড়ির বিজিবি সদস্যরা ২৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা।

লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার, অধিনায়ক, বিজিবি ১৯ ব্যাটালিয়ন বলেন, ‘সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।’

সীমান্ত এলাকার স্থানীয়রা বলছেন, বিজিবির এ ধরনের অভিযান চোরাচালান রোধে সহায়ক হলেও, পাচারকারীদের গ্রেফতার করতে না পারায় মূল চক্র ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে।