
সিকারি ডেস্ক:: রাতের আঁধারে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরে আসছিল একটি হাইড্রোলিক ট্রাক। ট্রাকটিকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন চালক। শেষ পর্যন্ত সড়কের ওপর ট্রাক ফেলে চালক, হেলপারসহ তিনজন পালিয়ে যান। পরে ট্রাক উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টায় সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারসংলগ্ন মসজিদ গলির মুখে এ ঘটনা ঘটে।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মেট্রেপলিটন পুলিশের মিডিয়া বিভাগ।
পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসছিল একটি টাটা হাইড্রোলিক ট্রাক। এ সময় লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্ট পরিচালনাকালে ট্রাকটিকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত উপেক্ষা করেন। পরে ২০ গজ দূরে সড়কের ওপর ট্রাকটি ফেলে পালিয়ে যান চালক, হেলপার ও অজ্ঞাতনামা আরও একজন।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো পাওয়া যায়। এ সময় টমেটো বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর রাজবাড়ী-ট-১১-০২৩২।এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।