
সিকারি ডেস্ক:: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমাস্থ ফেমাস মার্কেটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়, অভিযানের খবর পেয়ে ফেমাস মার্কেটের একাধিক ফার্মেসি ব্যবসায়ীরা দোকানের শাটার টেনে বন্ধ করে পালিয়ে যান। পরে বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় মেসার্স জাকির ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব সিলেটভিউ২৪ডটকমকে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওষুধের দোকানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।