
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া নামে এক তরমুজ ক্ষেতের পাহারাদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার পর তাঁর মৃত্যু হয়েছে।
মৃত যুবকের নাম ইয়াহিয়া (২৩)। তিনি উপজেলার নাইন্দা হাওর এলাকার বুরহান উদ্দিনের ছেলে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় ইয়াহিয়াকে উদ্ধার করা হয়। আত্মীয়-স্বজনরা প্রথমে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জাফলং ব্রিজের নিচে অচেতন ও মুমূর্ষু অবস্থায় ইয়াহিয়াকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ইয়াহিয়ার আত্মীয়-স্বজনদের খবর দিলে তারা এসে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় ইয়াহিয়া মারা যান।
ইয়াহিয়ার চাচাতো ভাই আলী আহমদ বলেন, ইয়াহিয়া প্রতিদিন নাইন্দার হাওরে তরমুজ ক্ষেত পাহাড়া দিত। শুক্রবার সেহরির পর থেকে ইয়াহিয়াকে তরমুজ ক্ষেরতের বাসায় পাওয়া যাচ্ছিল না। শুক্রবার তারাবির নামাজের আগমুহূর্তে খবর পাই ইয়াহিয়া জাফলং ব্রিজের নিচে মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজের নিচ থেকে উদ্ধারের সময় সে একটু একটু কথা বলতে পারছিল এবং সে ওইসময় বলেছিল কেউ তাকে ডাবের পানি পান করিয়েছে আর এর পর থেকে তাঁর গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলেন। ওসমানী হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় গাড়িতে মারা যায় ইয়াহিয়া।
তিনি জানান, মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।
গোয়াইনঘাট থানার এসআই ও পূর্ব জাফলং ইউনিয়ন বিট অফিসার আব্দুল হান্নান বলেন, জাফলং ব্রিজের নিচ থেকে ইয়াহিয়া নামে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। নাম-ঠিকানাসহ তার তথ্য নিয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।