
নিজস্ব প্রতিবেদক:: সিলেট -কোম্পানীগঞ্জ মহা সড়কের সিংগারপুল এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোশারফ হোসেন (৩৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল আহমদ (৫৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ইফতারের পরপরই এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি এফজেডএস (FZS) সিলেট মেট্রো- ল ১২-৯৩২৯ মোটরসাইকেলে করে দুই আরোহী শহর থেকে সালুটিকরের দিকে যাচ্ছিলেন। পথে সিংগারপুল ধোপালগুল এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত বাবুল আহমদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
নিহত মোশারফ হোসেন গোয়াইনঘাট উপজেলার ভেরিবীল গ্রামের বাসিন্দা। তিনি ময়নুল হোসেনের ছেলে এবং পেশায় সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ছিলেন।
অপরদিকে আহত বাবুল আহমদ গোয়াইনঘাট উপজেলার ইটাচকি গ্রামের বাসিন্দা। তিনি মৃত সোনাফর আলীর ছেলে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শৈমেন মিত্র স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছের “রাস্তার পাশে একটি ট্রাক সাইট করা ছিল। পিছনে চলে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ট্রাকটি পাওয়া যায়নি। কেউ লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দুর্ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।