রায়হান হত্যা মামলায় সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন

sylhetcrimereport
প্রকাশিত October 29, 2026
রায়হান হত্যা মামলায় সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই পুলিশ সদস্যের যাবজ্জীবন

সিকারি ডেস্ক:: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় সাবেক উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুই পুলিশ সদস্যকে যাবজ্জীবন এবং অপর তিন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আকবর হোসেন ভুইয়া মামলার প্রধান আসামি ও সাবেক এসআই। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুন অর রশীদ।

এছাড়া বহিষ্কৃত এসআই আশেক এলাহী, এসআই হাসান উদ্দিন ও কথিত সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার প্রধান আসামি আকবর বর্তমানে পলাতক রয়েছেন। গত বছর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী আত্মসমর্পণ না করে তিনি আত্মগোপনে চলে যান।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে (৩৪) নির্মম নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়।

ঘটনার পর প্রধান অভিযুক্ত আকবর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে কানাইঘাটের দনা সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়েছিল।