• ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জে ইয়াবাসহ জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
জকিগঞ্জে ইয়াবাসহ জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি গ্রেফতার

সিকারি ডেস্ক:: সিলেটের জকিগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ জামায়াতের এক ওয়ার্ড সেক্রেটারিকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের দক্ষিণবাগ (লেঞ্জুর গ্রাম) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কুশিয়ারা নদীর পাড় সংলগ্ন হান্নান মিয়ার বসতবাড়ির সামনে রাস্তার উপর থেকে ৫০ পিস ইয়াবাসহ ৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) নিকলেশ চন্দ্র কর পলাশ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারের পর দেলোয়ার হোসেনকে জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নম্বর ৯, তারিখ ১২ মার্চ ২০২৬।
তিনি আরও জানান, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।