
সিকারি ডেস্ক:: জ্বালানি সংকটের কারণে আরোপ করা গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, “দূরপাল্লা ও গণপরিবহনের ক্ষেত্রে জ্বালানি তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকেই তুলে নেওয়া হচ্ছে। রাত থেকে বাসগুলো পর্যাপ্ত জ্বালানি পাবে।”
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হওয়ায় দেশেও জ্বালানি সরবরাহে কিছুটা জটিলতা দেখা দেয়। এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত ৬ মার্চ ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে তেল সরবরাহে নির্দিষ্ট সীমা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
ওই নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারছিল। ব্যক্তিগত গাড়ির জন্য সর্বোচ্চ ১০ লিটার তেল নির্ধারণ করা হয়েছিল। এসইউভি ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার তেল নিতে পারত।
এ ছাড়া পিকআপ ও লোকাল বাস দৈনিক ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারত। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনার ট্রাকের জন্য দৈনিক সীমা ছিল ২০০ থেকে ২২০ লিটার।
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনের ক্ষেত্রে রেশনিং সীমা তুলে নেওয়া হলেও ব্যক্তিগত যানবাহনের জন্য এখনো নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।