
নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলায় বাস্তবায়নাধীন চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে প্রায় সাড়ে ১১ কোটি টাকার ২১টি চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
চেক বিতরণ কার্যক্রমের আওতায় ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্পের অধীনে সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরের জামান চৌধুরীর সঞ্চালনায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সব কার্যক্রম জেলা প্রশাসন স্বচ্ছতার সঙ্গে তদারকি করছে। এ সময় দালাল বা প্রতারক চক্রের প্রলোভন থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) শিল্পী রাণী মোদক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিরুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাসসের সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।