• ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ববাজারে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়লেও আসন্ন ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো আশঙ্কা নেই।

শনিবার (১৪ মার্চ) সিলেট নগরীর রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। তিনি বলেন, “আমরা শান্তির পক্ষে। আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।”

যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ কী হবে—এমন প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার। জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

এর আগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সিলেট নগরীর বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে। তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা শতভাগ পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অনুষ্ঠানের আয়োজক শফিকুর রহমান সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে মন্ত্রী সিলেট নগরীতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।