
মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন আশি বছরের বৃদ্ধ এক পিতা। এ ঘটনায় সুবিচার ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা সুমন্ত সরকার (৮০) অভিযোগ করেন, তার ছেলে সুজন সরকার (৩৬) দীর্ঘদিন ধরে এলাকায় কিছু অসৎ লোকের সাথে মেলামেশা করে নেশায় জড়িয়ে পড়েছে। এর জের ধরে প্রায়ই তাকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগী জানান, ছেলের অত্যাচারের কারণে তিনি নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন না। বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এমনকি মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, ছেলের ভয়ে বর্তমানে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিষয়টি এলাকার অনেকেই জানলেও বিবাদীর ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।
সুমন্ত সরকারের ভাতিজা কালিপদ সরকার জানান, ‘ সুজনের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে।এর একটা বিহিত হওয়া দরকার।’ সুজনের জ্বালায় তার স্ত্রী রেখা সরকারও দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন কালিপদ।
এ অবস্থায় অভিযুক্ত সুজন সরকারকে তলব করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী সুমন্ত সরকার।
এ বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে বলে জানিয়েছেন মাধবপুরের ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম।