• ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সামনে কঠিন সময়, তেল ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬
সামনে কঠিন সময়, তেল ও নিত্যপণ্যের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

সিকারি ডেস্ক:: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনে দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে এবং এ পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সামনে কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।”

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিরোধিতা করে তিনি বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে ভোট চাওয়া ঠিক নয়। “কোনো নির্দিষ্ট দলকে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে— এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন। পরকালের মুক্তি পেতে হলে সৎ জীবনযাপন ও ঈমান দৃঢ় রাখা জরুরি,” যোগ করেন তিনি।

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, কোনো ধরনের ‘মব কালচার’ বরদাশত করা হবে না। যারা আইন নিজের হাতে তুলে নেবে বা গণপিটুনির মতো ঘটনায় জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক অস্থিরতা— বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা— বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ আজাদ। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে পলি জমে নাব্যতা হারানো নেহা নদী পুনঃখননের উদ্যোগে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা আশা করছেন, কাজটি শেষ হলে কৃষিতে সেচ সুবিধা বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।