• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নবাগত আইনজীবীদের ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা’ অনুষ্ঠিত, উত্তীর্ণ ৪৩ জনকে সম্মাননা

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬
সিলেটে নবাগত আইনজীবীদের ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা’ অনুষ্ঠিত, উত্তীর্ণ ৪৩ জনকে সম্মাননা

নিজস্ব

নিজস্ব প্রতিবেদক:: সিলেট অঞ্চলের নবাগত আইনজীবীদের সম্মাননা জানাতে এবিসি ল’ প্রফেশনালস, সিলেটের উদ্যোগে ‘সাফল্য উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ এপ্রিল ২০২৬, শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে অ্যাডভোকেটশিপ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষার ধাপ অতিক্রম করে অর্জিত এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেন আয়োজকরা। এবিসি পরিবারের সদস্যদের এই অর্জনকে সম্মিলিতভাবে উদযাপন করতেই আয়োজন করা হয় অনুষ্ঠানটির।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক পাবলিক প্রসিকিউটর ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিসি ল’ প্রফেশনালসের প্রতিষ্ঠাতা, আইনজীবী ও আইনের শিক্ষক অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। সঞ্চালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও এবিসি’র শিক্ষক দিদার আহমেদ। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষক অ্যাডভোকেট মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে নবাগত ৪৩ জন আইনজীবীকে ফুল দিয়ে বরণ করা হয়। তাদের মধ্য থেকে আফজাল হোসাইন সোহেল, রুহানা বেগম, মাধুরী ভৌমিক, মিনাক্ষী রানী দে, পূর্ণিমা বিশ্বাস প্রিয়া, সুফিয়া বেগম, সুজানা বেগম, সাইদুল ইসলাম, তাহেরা বেগম, পারভেজ আহমেদ, বিপাশা দেব বৃষ্টি, স্বপ্না বেগম, ফয়সল মাহমুদ, সত্যন্দ্র দে রিংকু, আব্দুল করিম, আব্দুর রাহাদ জাবেদ, শেখ তৌকির আহমেদ, সুদীপ রায়, রেদয়ান আদীব, শুভ চন্দ্র নাথ, মোহাম্মদ সাহিদ আলী, খায়রুল ইসলামসহ অনেকে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
প্রধান আলোচক অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, আইন পেশা একটি মহৎ পেশা। সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ পেশায় সফলতা অর্জন করতে হবে। তিনি নবাগতদের নিয়মিত ল’ জার্নাল (ডিএলআর, বিএলডি) অধ্যয়ন এবং বেয়ার অ্যাক্ট পড়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে নবাগতদের উদ্যোগে কেক কাটা হয় এবং শিক্ষক মণ্ডলীদের সৌজন্য উপহার প্রদান করা হয়। পরে সম্মিলিত ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এবিসি ল’ প্রফেশনালস পরিবারের আয়োজনে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও গৌরবময় পরিবেশ।