• ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জব্দ করা টমটম ও ইজিবাইক ফিরিয়ে দিবে পুলিশ

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
সিলেটে জব্দ করা টমটম ও ইজিবাইক ফিরিয়ে দিবে পুলিশ

সিকারি ডেস্ক:: সিলেট নগরে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে জব্দ করা ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) ও ইজিবাক মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) তবে এসব টমটম ও ইজিবাইক মহানগর এলাকায় চলাচল করতে দেওয়া হবে না।বুধবার (৮ এপ্রিল) দুপুরে এসএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।সভা সূত্রে জানা গেছে, মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও ব্যাটারিচালিত যানবাহনের কারণে সৃষ্ট জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাজনৈতিক দলের প্রতিনিধি, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে নগরীতে যানজট ও শৃঙ্খলাহীনতা বাড়ছে। একই সঙ্গে এসব যানবাহন নিয়ন্ত্রণে চলমান অভিযানে অনেক মালিক মানবিক সংকটে পড়েছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আটক যানবাহনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।তবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, হস্তান্তরের পর এসব অটোরিকশা ও ইজিবাইক মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। এ বিষয়ে সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেন।

এ ছাড়া নগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের দোকান এবং অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও সিদ্ধান্ত হয়।সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মাসুদ রানা, উপপুলিশ কমিশনারগণ, সিলেট সিটি করপোরেশনের প্রতিনিধি এবং সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।